নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

প্রকাশ :

সংশোধিত :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার শিল্পাঞ্চল মেঘনাঘাট এলাকায় ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’ নামের বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। হঠাৎ করেই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত ১২ জন দগ্ধ হন এবং তাদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখসহ বিভিন্ন স্থানে গুরুতর পোড়া ক্ষত সৃষ্টি হয়। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিস্ফোরণের কারণে ক্যান্টিনের কাচের দরজা ও জানালা ভেঙে যায় এবং ভেতরের আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দলসহ জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যান্টিনে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের পাইপে লিকেজ থেকেই গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ক্যান্টিনের বাইরে এলপিজি সিলিন্ডার রেখে পাইপের মাধ্যমে ভেতরে গ্যাস সরবরাহ করা হতো। ধারণা করা হচ্ছে, পাইপ বা চুলার লিকেজে গ্যাস জমে পুরো ক্যান্টিনটি বিস্ফোরণযোগ্য অবস্থায় পৌঁছায়। পরে কোনো আগুনের সংস্পর্শে আসতেই বিস্ফোরণ ঘটে। তিনি আরও জানান, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, সবাইকে দ্রুত বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে।

সর্বশেষ খবর